১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ক্যাপ্টেন স্মিতকে মোদির ভিডিও কল
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ককপিটে ছুরিকাঘাতে আহত হয়েও ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রাখায় তার সাহসিকতার প্রশংসা করেন মোদি।
ভিডিও কলে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্মিত। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সবচেয়ে বড় আদর্শ। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়ে তিনি বিশেষভাবে আনন্দিত ও গর্বিত হয়েছেন।
স্মিতের সাহসিকতার প্রশংসা করে মোদি বলেন, ভারত গর্ব করে বলতে পারে—এ দেশের মানুষ অন্যের জীবন নেওয়ার জন্য নয়, বরং অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত।
স্মিতের সাহস ও মানবিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী তার প্রতি শ্রদ্ধা জানান।
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন স্মিত। ওই ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৬৬ জনই ইসরায়েলি নাগরিক।
গত বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, সহ-পাইলট স্মিতকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ঘটনার সময় বিমানটি দ্রুত উচ্চতা হারায়। পরে ক্রু ও যাত্রীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকল্প ক্রুর সহায়তায় বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন।
ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও স্মিতের সাহসিকতার প্রশংসা করেন। বিমানটি নিরাপদে অবতরণে সহায়তা করা ক্রু ও যাত্রীদের দ্রুত পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
প্রায় ৩৫ বছর বয়সী স্মিত মুম্বাইয়ের ঘাটকোপারের বাসিন্দা। প্রায় চার বছর ধরে তিনি ফ্লাইদুবাইয়ে কাজ করছেন। এর আগে স্পাইসজেটে প্রায় ১১ বছর দায়িত্ব পালন করেন। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে তার ১৩ বছরের বেশি বাণিজ্যিক উড্ডয়ন অভিজ্ঞতা এবং প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টা ফ্লাইট আওয়ার রয়েছে।
স্কুলের পড়াশোনা শেষে স্মিত প্রথমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেন। পরে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। ১৯ বছর বয়সে একটি এভিয়েশন সেমিনারে অংশ নেওয়ার পর বিমান চালানোর প্রতি তার আগ্রহ তৈরি হয়।
এরপর নিউজিল্যান্ডে প্রায় ১৮ মাস প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক পাইলট লাইসেন্স অর্জন করেন। পরে ভারতে ফিরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের টাইপ রেটিং সম্পন্ন করেন।
ঘটনার পর তেল আবিবগামী ফ্লাইটটির যাত্রা শেষ করতে বিকল্প ব্যবস্থা করেছে ফ্লাইদুবাই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার কারণ ও উদ্দেশ্য নিয়ে আগাম কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।