EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনকে বাজেট সহায়তায় ৬ কোটি ডলার দিল সৌদি আরব

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম

ইয়েমেনকে বাজেট সহায়তায় ৬ কোটি ডলার দিল সৌদি আরব

ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে বাজেট সহায়তা হিসেবে ২২৪ মিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় ৬ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের।

তিনি বলেন, সৌদি নেতৃত্বের নির্দেশনা এবং ইয়েমেন সরকারের অনুরোধে সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেনের (এসডিআরপিওয়াই) মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মোহাম্মদ আল-জাবের জানান, নতুন এই অনুদানের লক্ষ্য হলো ইয়েমেন সরকারের আর্থিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার কার্যকারিতা বাড়ানো এবং দেশটির নাগরিকদের ক্রয়ক্ষমতা শক্তিশালী করা।

তিনি আরও বলেন, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় ইয়েমেনের জনগণের সম্পদ, অবকাঠামো ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতি ও সরকারি কার্যক্রম সচল রাখতে সৌদি আরব সহায়তা অব্যাহত রেখেছে।

বহু বছর ধরে চলা সংঘাতের কারণে ইয়েমেনের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে। এ অবস্থায় দেশটির সরকারকে সহায়তা দিতে সৌদি আরব ধারাবাহিকভাবে অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা দিয়ে আসছে।


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের সরকারি বাজেট শক্তিশালী করা, পরিচালন ব্যয় মেটানো এবং সরকারি কর্মচারীদের বেতন পরিশোধে সহায়তার জন্য ১ দশমিক ৩ বিলিয়ন সৌদি রিয়াল অর্থনৈতিক সহায়তার ঘোষণা দেয় রিয়াদ।

এ ছাড়া ইয়েমেনজুড়ে বিভিন্ন উন্নয়ন ও মানবিক প্রকল্পেও অর্থায়ন করছে সৌদি আরব। এসডিআরপিওয়াইয়ের আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, জ্বালানি, পানি, পরিবহন ও কৃষিসহ বিভিন্ন খাতে ২৬০টির বেশি প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

আরও পড়ুন