EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ফেয়ারফোর্ডের ঘটনায় ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:২৩ এএম

ফেয়ারফোর্ডের ঘটনায় ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
অ অ

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্দেহজনক কর্মকাণ্ডের ঘটনায় ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তবে চলমান তদন্তের কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। ইরান এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

গত রবিবার ভোরে বিমানঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে ২০-এর কোঠায় থাকা পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কঠোর শর্তে জামিনে ছেড়ে দেওয়া হয়। তারা তদন্তের আওতায় রয়েছেন।

বার্নহাম বলেন, সন্দেহভাজনদের জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি সাধারণ অর্থে মুক্তি পাওয়ার মতো নয়। তাদের ওপর কঠোর জামিনের শর্ত রয়েছে এবং ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ফেয়ারফোর্ডের ঘটনায় কোনো বিদেশি পক্ষের সম্পৃক্ততা থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সন্দেহভাজনদের জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের ব্যবহৃত যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। সেখানে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে তদন্তে বিদেশি কোনো রাষ্ট্রের হয়ে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করার সম্ভাবনাসহ একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর ফেয়ারফোর্ডের আশপাশের প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে তাদের নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। আরএএফ ফেয়ারফোর্ড যুক্তরাজ্যের মালিকানাধীন হলেও সেখানে মার্কিন বিমানবাহিনী কার্যক্রম পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। সূত্র: বিবিসি বাংলা

আরও পড়ুন