ভারতের স্থায়ী সদস্যপদে আবারও রাশিয়ার জোরালো সমর্থন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির দাবিতে আবারও জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির এ অবস্থান তুলে ধরেন।
ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে ‘গ্লোবাল সাউথ’-এর প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্য করার পক্ষে রাশিয়া।
তবে নিরাপত্তা পরিষদে জার্মানি ও জাপানের মতো পশ্চিমা দেশগুলোর জন্য অতিরিক্ত স্থায়ী আসন দেওয়ার বিষয়ে আপত্তি জানান ল্যাভরভ। তার অভিযোগ, এসব দেশ সামরিকবাদ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে।
নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে বর্তমান স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা ও মূল ক্ষমতা অক্ষুণ্ন রাখার পক্ষেও রাশিয়ার অবস্থান তুলে ধরেন তিনি।
ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার পাশাপাশি মরিশাসও সমর্থন জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভারতের বৈশ্বিক ভূমিকার প্রশংসা করে দেশটির দাবির প্রতি সমর্থন জানান।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা ১৫। এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাকি ১০টি আসন অস্থায়ী সদস্যদের জন্য নির্ধারিত।
নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কারের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে পাঁচ স্থায়ী সদস্যসহ দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের অনুমোদনও দরকার।
ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়াসহ কয়েকটি দেশের সমর্থন থাকলেও এ বিষয়ে ঐকমত্য হয়নি। বিশেষ করে চীনের অবস্থানের কারণে নিরাপত্তা পরিষদ সংস্কারের উদ্যোগে অচলাবস্থা রয়েছে।