মার্কিন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি, আলোচনাতেও প্রস্তুত ইরান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে নতুন করে সামরিক হামলা হলে পাল্টা জবাব দিতেও তেহরান ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরাগচি বলেন, ‘আমরা কূটনীতির জন্য যেমন প্রস্তুত, একই সময়ে যুদ্ধের জন্যও প্রস্তুত।’ তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন—এমন খবর তেহরান শুনেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত তেহরান। আরাগচির ভাষ্য, যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এরপর ষষ্ঠ দিনে প্রণালি খুলে দিয়ে সপ্তম দিনে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরুর কথা রয়েছে।
গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় একটি অংশ চলাচল করে।
ইরানের সঙ্গে আগের সমঝোতা লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেন আরাগচি। তার দাবি, চুক্তি নিয়ে বিরোধ থাকলে সামরিক হামলার বদলে বিরোধ নিষ্পত্তির ধারা কার্যকর করা যেত।
সম্ভাব্য নতুন যুদ্ধের বিষয়ে তিনি বলেন, আগের সংঘাত থেকে শিক্ষা নিয়ে ইরান সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। নতুন করে সংঘাত শুরু হলে দেশটি প্রস্তুত থাকবে, তবে একই সঙ্গে কূটনীতির পথও খোলা রাখবে।
-6ab91bfe450f1.jpg)