EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়: ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ এএম

ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়: ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

ইরান ‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে’ এবং সে কারণেই দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিনিময়ে ইরানের দেওয়া প্রস্তাব তিনি গ্রহণ করেননি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে আগ্রহী। আমি মনে করি, সেটা ভালো কথা। আমিও চুক্তি করতে পছন্দ করি।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়ে স্বাভাবিক সামুদ্রিক চলাচল শুরু করা সম্ভব।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধবিরতিতে সম্মত হলে তেহরান হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে দেশটি পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।

তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ইরান ‘ভীষণ বিপদে’ পড়েছে বলেই দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি করতে চাইছে।

এর আগে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছিল, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা এখনও ইতিবাচক ও গঠনমূলকভাবে চলছে।

অন্যদিকে, ইরানের অভ্যন্তরে কূটনৈতিক উদ্যোগটি নিয়ে মতবিরোধের খবরও পাওয়া গেছে। কট্টরপন্থি কয়েকজন রাজনীতিক সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়।

সূত্র: ইউরো নিউজ

আরও পড়ুন