এআইয়ের ঝুঁকি নিয়ে বিল গেটসের সতর্কবার্তা, ‘১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সঙ্গে এর অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে। অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি গেলে গুরুতর ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, এমন পরিস্থিতিতে ১০০ কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, এআই প্রযুক্তির ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে এর সর্বাধুনিক সক্ষমতা চলে গেলে তা বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। তার মতে, এত শক্তিশালী প্রযুক্তির সমন্বয়ের মতো সক্ষমতা এর আগে মানুষের হাতে ছিল না।
তবে এমন ঘটনা প্রায় নিশ্চিতভাবে ঘটবে—এমন দাবি করা কঠিন বলেও উল্লেখ করেন গেটস। এআইয়ের সক্ষমতা নিয়ন্ত্রণে সরকার, আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত করার আহ্বান জানান তিনি। এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করতে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন গেটস।
তার মতে, এতে প্রযুক্তি খাতের ওপর কিছু অতিরিক্ত দায়িত্ব পড়বে। তবে এর ফলে এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না।
পাঁচ বছরের মধ্যে ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই?
গেটসের সতর্কবার্তার কয়েক দিন আগে যুক্তরাজ্যভিত্তিক অ্যালান টিউরিং ইনস্টিটিউটও এআই নিয়ে সতর্কতা প্রকাশ করে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই ব্যবস্থা তৈরি হওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে, যা প্রায় সব গুরুত্বপূর্ণ জ্ঞানগত কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, এআই এমন কৌশল তৈরি করতে সক্ষম হলে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে না, তাহলে প্রযুক্তিটির ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। এতে সম্ভাব্য রাসায়নিক ও জৈবিক হুমকির পাশাপাশি তথ্য পরিবেশ ও বৃহত্তর গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআইয়ের উন্নয়নে সাময়িক বিরতি, তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।
এ ছাড়া অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন চলতি দশকের শেষ নাগাদ এআইয়ের কারণে মানবজাতি বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন। প্রতিষ্ঠানটির অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হাবিঙ্গারও আগামী এক দশকের মধ্যে এমন ঘটনার আশঙ্কা ১০ শতাংশের বেশি বলে মন্তব্য করেছেন।