EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নাগাল্যান্ডে ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

নাগাল্যান্ডে ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু
অ অ

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল বা বিষাক্ত মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজ্যের মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো বলেন, তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তারা।

ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।

নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে। পুলিশ অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান না করার পরামর্শ দিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মদ পান করার পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

আরও পড়ুন