EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কঙ্গোতে পণ্য ও যাত্রীবাহী নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

কঙ্গোতে পণ্য ও যাত্রীবাহী নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু

ছবি: কঙ্গো নদীতে নৌকাডুবি। সংগৃহীত

অ অ

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে যাত্রী ও পণ্যবোঝাই নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৯ জনকে। ডুবে যাওয়ার সময় নৌকায় প্রায় ১০০জন যাত্রী ছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন তানজানিয়ায় কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়। তবে নৌকাটি কী কারণে ডুবেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জানান, রাত প্রায় ১টার দিকে যাত্রীদের ঘুম ভেঙে যায়। তখন তাঁরা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। এর কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ডিআর কঙ্গোতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করা নৌযান, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব এসব দুর্ঘটনার কারণ। সাম্প্রতিক সময় দেশটিতে নৌকাডুবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

কঙ্গোতে নৌপথে যাতায়াত তুলনামূলক সস্তা ও সহজলভ্য। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে নৌযানের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে।

গত এক মাসেরও কম সময়ের মধ্যে কিগোমা-কালেমি নৌপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি নেওয়ার সময় কঙ্গোর নৌযান এমভি প্যাসিফিকে আগুন ধরে এতে ৬ জন কর্মী নিহত এবং একজন নিখোঁজ হন।

আরও পড়ুন