তুরস্কে স্কুলের বাইরে কিশোর বন্দুকধারীর গুলি, আহত ১১
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম
ছবি: সংগৃহীত
তুরস্কের মানিসা প্রদেশে একটি স্কুলের বাইরে গুলির ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইনচি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাই স্কুলের বাইরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলের ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, আটক কিশোরের বাবা, মা ও দাদাকেও হেফাজতে নেওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন কিশোরটি একটি নির্জন রাস্তায় শটগান পরীক্ষা করছে। পরে হাতে অস্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। তবে গুলির ঘটনায় তার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধান এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের একটি জাতীয় তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আগে ওই কিশোরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছরে তুরস্কে এটি তৃতীয় স্কুলে গোলাগুলির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত এপ্রিলে কাহরামানমারাশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের হামলায় শিক্ষকসহ ৯ শিশু শিক্ষার্থী নিহত হয়েছিল।
পরপর এমন সহিংসতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলের নিরাপত্তা জোরদার এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার নীতি গ্রহণ করেছে সরকার।
-6ab118eb02b90.jpg)