রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া। প্রাথমিক ফল অনুযায়ী, ৪৫০ আসনের স্টেট ডুমায় দলটি ৩৫৫টি আসন পেয়েছে, যা ২০১৬ সালের নির্বাচনে পাওয়া ৩৪৩ আসনের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
টানা তিন দিন ভোটগ্রহণের পর সোমবার রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রাথমিক ফল ঘোষণা করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশের বেশি।
নতুন ফলাফলে স্টেট ডুমায় ইউনাইটেড রাশিয়ার সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হয়েছে। এর ফলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পার্লামেন্টে দলটির ব্যাপক ক্ষমতা থাকবে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ নির্বাচনের ফলকে পুতিনের নেতৃত্ব ও নীতির প্রতি জনগণের সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন।
ফল অনুযায়ী, কমিউনিস্ট পার্টি ৪০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) ২৫টি এবং নিউ পিপল ২০টি আসন পেয়েছে। চেচনিয়ার আঞ্চলিক প্রধান রমজান কাদিরভও বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন।
তবে নির্বাচন নিয়ে সমালোচনাও রয়েছে। রয়টার্স ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিয়ন্ত্রিত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ক্রেমলিন ও ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী কয়েকটি রাজনৈতিক শক্তি জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়নি। যুদ্ধবিরোধী দল ইয়াবলোকোও জাতীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিতে পারেনি।
নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের পক্ষ থেকে বড় ধরনের ড্রোন হামলার খবরের মধ্যেই ভোটগ্রহণ শেষ হয়। এরপরও কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করে রুশ কর্তৃপক্ষ।
