হোয়াইট হাউসের নতুন চমক, ২৪ ঘণ্টা ট্রাম্পের বক্তব্য শোনাবে ‘ট্রাম্প টিভি’
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে নতুন একটি ২৪ ঘণ্টার ভিডিও সম্প্রচার প্ল্যাটফর্ম চালু করেছে। সপ্তাহের সাত দিনই এই প্ল্যাটফর্মে সম্প্রচার চলবে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান, প্রশাসনের ঘোষণা ও সর্বশেষ আপডেট দেখানো হবে।
এএনআই নিউজ জানিয়েছে, হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিডিও ও বক্তব্য এক জায়গায় তুলে ধরাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। আগের গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিওর পাশাপাশি নতুন ঘোষণা ও প্রশাসনের সর্বশেষ আপডেটও এখানে প্রচার করা হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, সাধারণ টেলিভিশনে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা সম্প্রচার করা হয়নি, সেগুলোও ‘ট্রাম্প টিভি’-তে দেখা যাবে।
প্ল্যাটফর্মটি চালুর ঘোষণা হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘ট্রাম্প টিভি’ এখন সরাসরি সম্প্রচারে এসেছে। এটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চলবে এবং নিয়মিত হালনাগাদ করা হবে। ট্রাম্পের আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিভিন্ন ঘোষণা ও প্রশাসনের সর্বশেষ খবর এখানে একসঙ্গে পাওয়া যাবে।
চালুর পরপরই প্ল্যাটফর্মটিতে ট্রাম্পের বিভিন্ন জনসম্মুখে উপস্থিতি ও বক্তব্যের পুরোনো ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানও ছিল।
হোয়াইট হাউস ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে বিরোধের মধ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু হলো। গত শুক্রবার ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে। পরে ওই তিন সংবাদমাধ্যম ফেডারেল আদালতে প্রশাসনের বিরুদ্ধে মামলা করে।
মামলায় সংবাদমাধ্যমগুলো অভিযোগ করেছে, তাদের খবর প্রকাশের ধরন পছন্দ না হওয়ায় হোয়াইট হাউস সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করেছে। তাদের দাবি, কোনো সংবাদমাধ্যম কীভাবে খবর প্রকাশ করছে, সেটিকে সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতির ভিত্তি করা যায় না।
অন্যদিকে ট্রাম্প নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর ভাষ্য, সংবাদমাধ্যমের দায়িত্ব নিরপেক্ষভাবে খবর প্রকাশ করা। যেসব সংবাদমাধ্যম ‘ভুয়া খবর’ প্রকাশ করে, তাদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি না দেওয়ার অধিকার প্রশাসনের রয়েছে বলেও দাবি করেন তিনি।
হোয়াইট হাউসও নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়েছে। প্রশাসনের বক্তব্য, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সংবাদমাধ্যমকে খবর প্রকাশের অধিকার দিলেও প্রতিটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের প্রাঙ্গণ, ব্রিফিং কক্ষ বা প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা দেওয়া হয়নি।
এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠান ও সফরের ভিডিও ধারণ করে তা অন্য সংবাদমাধ্যমগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু ছিল। সাধারণত এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি পালাক্রমে এই দায়িত্ব পালন করত।
সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার পর টেলিভিশন প্রেস পুলের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ফলে প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির ভিডিও কভারেজ নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে ট্রাম্প বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে তিনি সেখানে গেছেন। সেখানে সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।