EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আইআরজিসি

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে বিশ্ব ইরানের নতুন সক্ষমতা দেখে অবাক হবে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে বিশ্ব ইরানের নতুন সক্ষমতা দেখে অবাক হবে
অ অ

যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে দেশটির নতুন সামরিক সক্ষমতা দেখে বিশ্ব ‘অবাক’ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ হুঁশিয়ারি দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

মোহেব্বি বলেন, নতুন করে মার্কিন হামলা হলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের কৌশলে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আনা হবে। এর মধ্যে যুদ্ধের ভৌগোলিক পরিধি বাড়ানো এবং নতুন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়টি থাকবে।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা নতুন সক্ষমতার আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে নামব, যা দেখে বিশ্ব চমকে যাবে।’

ইরানের সামরিক লক্ষ্যবস্তু আগের মতো নির্দিষ্ট কয়েকটি স্থানে সীমাবদ্ধ থাকবে না বলেও জানান আইআরজিসির এই মুখপাত্র। তিনি বলেন, পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে এমন কিছু স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।

যুক্তরাষ্ট্রের ‘পরাজয়’ দাবি আইআরজিসির

মোহেব্বি দাবি করেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ‘ঐতিহাসিক ও অপমানজনক’ পরাজয়ের মুখে পড়েছে। তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে এবং তা অত্যন্ত অপমানজনক এক ঐতিহাসিক পরাজয়। কিন্তু এই পরাজয় মেনে নেওয়ার মতো সাহস ওয়াশিংটনের নেই।’

মার্কিন পরাজয়ের প্রমাণ হিসেবে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন। তাঁর দাবি, মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের জবাবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছে।

আইআরজিসির এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের শক্তি প্রয়োগ করেও হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ‘ব্যর্থ হয়েছে’।

মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, নিরাপত্তার উদ্দেশ্যে স্থাপন করা এসব ঘাঁটি ইরানি হামলার পর উল্টো ‘চরম নিরাপত্তাহীনতার’ কারণ হয়ে উঠেছে।

মোহেব্বি আরও বলেন, পারস্য উপসাগরীয় এলাকা ও উত্তর ইরাকে থাকা মার্কিন গোয়েন্দা ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। এসব হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে, ঘাঁটিগুলো এখন ইরানের নাগালের মধ্যে রয়েছে। এটিকে তিনি ওয়াশিংটনের জন্য ‘বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর চেষ্টা কাতারের

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আলোচনা পুনরায় শুরু করতে মধ্যস্থতা করছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেছেন, আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মধ্যস্থতাকারীরা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে বেশ কয়েকটি প্রস্তাব আদান-প্রদান করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন