EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের প্রযুক্তি গবেষণায় গতি বেড়েছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের প্রযুক্তি গবেষণায় গতি বেড়েছে

ছবি: সংগৃহীত

অ অ

মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞার কারণে চীনের প্রতিষ্ঠানগুলো গবেষণা ও নতুন প্রযুক্তি তৈরিতে আরও বেশি মনোযোগ দিচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানভিত্তিক পেটেন্টে গবেষণাপত্রের উদ্ধৃতি ৭২ শতাংশ বেড়েছে।

শেনঝেন বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয় ও হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণা করেছেন। তারা ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠানগুলোর দেশীয় ও আন্তর্জাতিক পেটেন্ট নিয়ে বিশ্লেষণ করেন। গবেষণাটি ‘সায়েন্স’ নামের একটি আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণার অন্যতম লেখক ও হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়াং ইয়ানবো বলেন, মার্কিন প্রযুক্তি ব্যবহারের সুযোগ কমে যাওয়ায় চীনা প্রতিষ্ঠানগুলোকে নতুন পথ খুঁজতে হচ্ছে। এ কারণে তারা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়ছে এবং সেখান থেকে পাওয়া জ্ঞান নিজেদের নতুন প্রযুক্তি তৈরির কাজে ব্যবহার করছে।

গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানভিত্তিক পেটেন্টে গবেষণাপত্রের উদ্ধৃতি গড়ে ৭২ শতাংশ বেড়েছে।

তবে গবেষণার দিক থেকে চীনা প্রতিষ্ঠানগুলো এখনো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর চেয়ে পিছিয়ে আছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পেটেন্টে বৈজ্ঞানিক গবেষণার উদ্ধৃতি ছিল। চীনের ক্ষেত্রে এই হার ছিল ২২ শতাংশ।

গবেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে চীনের নিজস্ব প্রযুক্তি তৈরির সক্ষমতা বাড়াতে পারে। এর ফলে ভবিষ্যতে বিশ্বে আলাদা দুটি প্রযুক্তি ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

আরও পড়ুন