ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণের আইনেও একই সঙ্গে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ সম্প্রসারণের আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর মিডল ইস্ট আই।
হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার ট্রাম্প এইচআর ৫৩৩৪ বিলে স্বাক্ষর করেছেন। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে আইনটি রাশিয়ার ওপর বিধিবদ্ধ নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অনুমোদন ও সম্প্রসারণ করেছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।
ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনে তা আরো পাঁচ বছর বাড়ানো হয়েছে। এর ফলে ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশী নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এ আইনে ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন ও কঠোর নিষেধাজ্ঞাগুলোকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছে।
আইনটির নামকরণ করা হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে ও. গ্রাহামের নামে। ইরানের বিরুদ্ধে মার্কিন নীতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার বিষয়ে গ্রাহাম ছিলেন সোচ্চার সমর্থক।