EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদির সামরিক শক্তিতে বড় লাফ? ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে মার্কিন অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

সৌদির সামরিক শক্তিতে বড় লাফ? ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে মার্কিন অনুমোদন

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ ‘লাইটনিং-২’ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রস্তাবিত এ অস্ত্র প্যাকেজের মূল্য প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

তবে এটি এখনো চূড়ান্ত অস্ত্রচুক্তি নয়। সম্ভাব্য বিক্রয় প্রক্রিয়ার পরবর্তী ধাপে মার্কিন কংগ্রেসের অনুমোদনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে হবে।

প্রস্তাবিত প্যাকেজে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন, যোগাযোগ ও অন্যান্য সহায়ক সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

এফ-৩৫ বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। উন্নত প্রযুক্তির কারণে এ যুদ্ধবিমান শত্রুপক্ষের রাডারে শনাক্ত হওয়া তুলনামূলক কঠিন। বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছেই এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অংশীদার সৌদি আরবের নিরাপত্তা জোরদার এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতেই সম্ভাব্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

সম্ভাব্য এই অস্ত্রচুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি দূতাবাস। তাদের ভাষ্য, এ সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের প্রতিফলন।

এফ-৩৫ বিক্রির অনুমোদন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। সৌদি আরব শেষ পর্যন্ত এ যুদ্ধবিমান পেলে দেশটির বিমানবাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন