জ্বালানি সংকটে গাজায় অধিকাংশ হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম
জ্বালানি সংকট তীব্র হওয়ায় গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জ্বালানির অভাবে জেনারেটর চালানো কঠিন হয়ে পড়ায় অনেক হাসপাতালেই জীবন রক্ষাকারী সেবা সীমিত করতে হচ্ছে। এরই মধ্যে গাজার অন্যতম বড় কুয়েত হাসপাতাল আগামী রোববার থেকে জরুরি সেবা ছাড়া অধিকাংশ চিকিৎসাসেবা স্থগিতের ঘোষণা দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তারা অবহিত হয়েছে। ফলে অস্ত্রোপচার, প্রসূতি সেবা, বহির্বিভাগ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহন সেবা বন্ধ রাখতে হবে। তবে সাধারণ জরুরি বিভাগ ও প্রসূতি জরুরি বিভাগ চালু রাখা হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি, ইঞ্জিন তেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের সংকটে কয়েকটি হাসপাতালের জেনারেটর ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। যেসব জেনারেটর সচল রয়েছে, সেগুলোও সার্বক্ষণিক চালাতে হচ্ছে। ফলে সব জীবন রক্ষাকারী বিভাগে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এর আগে খান ইউনিসের নাসের হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানান, জ্বালানি সংকটের কারণে হাসপাতালের বিভিন্ন ভবনে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালটির চারটি জেনারেটরের একটি ইতোমধ্যে অচল হয়ে পড়েছে।
কুয়েত হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক করেছে, চিকিৎসাসেবা সীমিত হয়ে গেলে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন।
গাজায় চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থা আরও বড় সংকটের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।