EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ঝিরাম ঘাটি হামলায় ২৯ জন নিহত হন

ভারতে কংগ্রেসের গাড়িবহরে হামলা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

২০১৩ সালে কংগ্রেসের গাড়িবহরে হামলায় ২৯ জন নিহত হওয়ার মামলায় এনআইএ আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

ভারতে কংগ্রেসের গাড়িবহরে হামলা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

ছত্তিশগড়ের ঝিরাম ঘাটিতে ২০১৩ সালের কংগ্রেস গাড়িবহর হামলার মামলায় এনআইএ আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

অ অ

ভারতের ছত্তিশগড়ের ঝিরাম ঘাটিতে ২০১৩ সালে কংগ্রেসের গাড়িবহরে হামলার ঘটনায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বিশেষ আদালত। ওই হামলায় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাসহ ২৯ জন নিহত হয়েছিলেন।

বুধবার আদালত দণ্ডপ্রাপ্ত ১০ জনকে তাদের বিরুদ্ধে আনা ২৪টি অভিযোগের মধ্যে সাতটির ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের ২৫ মে বস্তার জেলার দারভা থানা এলাকার ঝিরাম ঘাটিতে জাতীয় সড়কে কংগ্রেস নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। নেতারা ‘পরিবর্তন র‍্যালি’ শেষে ফিরছিলেন। হামলায় নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন ছত্তিশগড় কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল ও তাঁর ছেলে দীনেশ প্যাটেল, বিধানসভার সাবেক বিরোধীদলীয় নেতা মহেন্দ্র কর্মা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা এবং সাবেক বিধায়ক উদয় মুদলিয়ার। এ ছাড়া নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিকরাও নিহত হন।

মামলার বিচারপ্রক্রিয়ায় ১০১ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয় এবং বিপুলসংখ্যক নথি ও প্রমাণ পর্যালোচনা করা হয়। চলতি মাসের শুরুতে জগদলপুরের বিশেষ এনআইএ আদালতের বিচারক অভয় সিং রাজপুত দুই নারীসহ ১০ জনকে দোষী সাব্যস্ত করেন।

তবে হাইকোর্টের অনুমোদন ছাড়া এই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। দণ্ডপ্রাপ্তদের আপিলের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ততদিন তারা কেন্দ্রীয় কারাগারেই থাকবেন।

আরও পড়ুন