EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাহরাইনের আপত্তির পর স্থগিত ইরানসহ উপসাগরীয় দেশগুলোর ‘ওমান বৈঠক’

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

বাহরাইনের আপত্তির পর স্থগিত ইরানসহ উপসাগরীয় দেশগুলোর ‘ওমান বৈঠক’

ছবি: সংগৃহীত

অ অ

হরমুজ প্রণালি দিয়ে নতুন একটি সামুদ্রিক পথ চালুর বিষয়ে আলোচনার জন্য নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। ইরানসহ উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগেই বৈঠকে অংশ নিতে বাহরাইন অস্বীকৃতি জানায়।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করে এবং এ অঞ্চলের জনগণের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণ করতে পারে—এমন একটি টেকসই সমঝোতায় পৌঁছানোর পরিবেশ তৈরিই এ সিদ্ধান্তের লক্ষ্য বলে জানানো হয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ঐকমত্যের স্বার্থে’ সোমবার সালালায় অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে—এমন সংলাপ উৎসাহিত করতে ওমান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তবে বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করেননি আলবুসাইদি। পাশাপাশি বৈঠক স্থগিতের নির্দিষ্ট কারণও জানাননি তিনি।

ইরানকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর একদিন পরই ওমানের পক্ষ থেকে বৈঠক স্থগিতের ঘোষণা আসে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পরিবহনপথ। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি এই পথে নৌযান চলাচল নিয়েও সাম্প্রতিক সময়ে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানসহ উপসাগরীয় দেশগুলোর প্রস্তাবিত বৈঠক স্থগিত হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক যোগাযোগ নিয়ে কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন