ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৯
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবারের এ হামলায় দেশটির বিভিন্ন স্থানে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন মোতায়েন করেছে।
তিনি বলেন, সীমান্তে সাফল্য না পেয়ে রাশিয়া যুদ্ধের সীমানা অর্থনীতির দিকে প্রসারিত করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষকে টিকে থাকতে সহায়তা করে এমন স্থাপনা ধ্বংস, ইউক্রেনের অর্থনীতিকে অচল করা এবং দেশটির প্রতিরোধ ভেঙে দেওয়াই রাশিয়ার উদ্দেশ্য।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী জাপোরিজিয়া, দানিপ্রো ও ক্রিভি রিহের কয়েকটি ইস্পাত কারখানা এবং শিল্প কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
তবে রাশিয়ার এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মস্কো-নিয়ন্ত্রিত পূর্ব দোনেৎস্ক অঞ্চলের রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।
ইউক্রেনের অন্যতম ফ্রন্টলাইন শহর ক্রামাতোর্স্কের সিটি কাউন্সিল জানিয়েছে, রুশ বাহিনী ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়েছে। ৯০ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সিটি কাউন্সিল বলেছে, এসব কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজে যাওয়ার সময় এসব গাড়িতে হামলা চালানো হয়েছে।
কিয়েভের পশ্চিমে ঝিতোমির অঞ্চলের গভর্নর ভিটালি বুনেচকো জানিয়েছেন, জভ্যাহেল শহরের একটি মুদি দোকানে রুশ হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া দুটি পেট্রল পাম্প এবং একটি বিদেশি বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে তিনি জানান।
এদিকে মলদোভা সীমান্তের কাছে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর দেশটির আকাশসীমা প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। একই সময়ে সাতটি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নিয়মিত রুশ হামলার সময় রাশিয়ার ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
গত দুই মাসে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার দূরবর্তী জ্বালানি স্থাপনা ও গুদামে হামলা চালিয়ে আসছে।
