EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চাকরি গেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে? বিদেশি কর্মীদের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম

চাকরি গেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে? বিদেশি কর্মীদের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব
অ অ

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য ভিসানীতিতে আরও কড়াকড়ি আনার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন প্রস্তাব কার্যকর হলে চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খুঁজে নেওয়ার জন্য বিদেশি কর্মীদের বর্তমানে পাওয়া ৬০ দিনের গ্রেস পিরিয়ড আর থাকবে না। ফলে চাকরি হারালেই দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে তাদের।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রস্তাবিত নতুন নিয়মটি প্রকাশ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি। এটি নিয়ে প্রায় দুই মাস জনমত গ্রহণ করা হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, এইচ-১বি ভিসাধারীসহ নির্দিষ্ট শ্রেণির বিদেশি কর্মীরা চাকরি হারানোর পর সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি খোঁজার বা ভিসার বৈধতা বজায় রাখার সুযোগ পান। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই অতিরিক্ত সময়ের সুযোগ তুলে দেওয়া হবে।

এর ফলে কোনো কর্মী চাকরি হারালে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। পরে নতুন কোনো নিয়োগকর্তা তার জন্য আবেদন করলে তিনি যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নতুন করে ভিসার প্রক্রিয়ায় যেতে পারবেন।

প্রস্তাবিত পরিবর্তন শুধু এইচ-১বি ভিসায় সীমাবদ্ধ নয়। ই-১, ই-২, এল-১, ও-১, এইচ-১বি১, ই-৩সহ বিভিন্ন শ্রেণির কর্মভিসাতেও এর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এইচ-১বি ভিসার ব্যাপক ব্যবহার রয়েছে। বিশেষ করে ভারত ও চীন থেকে যাওয়া দক্ষ কর্মীরা এই ভিসার বড় অংশ ব্যবহার করেন। ডেলয়েট, পিডব্লিউসি, ইওয়াই, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক ও এলটিআইমাইন্ডট্রির মতো বড় প্রতিষ্ঠানও এই ভিসার কর্মীদের নিয়োগ করে।

আইনজীবীরা বলছেন, নতুন নিয়ম কার্যকর হলে চাকরি হারানো বিদেশি কর্মীদের হাতে নতুন চাকরি খোঁজার সময় অনেক কমে যাবে। একই সঙ্গে নিয়োগকর্তাদেরও কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই বৈধ অভিবাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করে আসছে। এর মধ্যে দক্ষ কর্মীদের ভিসার খরচ বাড়ানো এবং কয়েকটি দেশে ভিসা সাক্ষাৎকার সাময়িক স্থগিতের মতো পদক্ষেপও রয়েছে।

তবে নতুন প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। জনমত গ্রহণ শেষে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে এটি কার্যকর করা হতে পারে। তাই আপাতত চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য ৬০ দিনের গ্রেস পিরিয়ডের বর্তমান নিয়মই বহাল রয়েছে।

আরও পড়ুন