EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি রপ্তানি জিম্মি হবে না’

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি রপ্তানি জিম্মি হবে না’

ছবি: সংগৃহীত

অ অ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জ্বালানি রপ্তানি এবং বাণিজ্যের জন্য বিকল্প পথ তৈরির উদ্যোগ নিয়েছে। যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধের কারণে ‘জিম্মি’ হয়ে না পড়ে। সোমবার (৭ সেপ্টেম্বর) আবুধাবিতে হিলি ফোরামে দেশটির রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ একথা জানিয়েছেন।

গারগাশ বলেন, ‘আমাদের জ্বালানি রপ্তানি জিম্মি হবে না এবং আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে যাবে না।  বিকল্প করিডোর বা পথ তৈরির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত তাদের পূর্ব উপকূলে বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে এবং পাইপলাইন, রেলপথ ও বাণিজ্য রুটগুলোর উন্নয়ন করছে।

গারগাশ সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশীদের ওপর তেহরানের হামলার পর পুনরায় আস্থা তৈরি করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। এছাড়া, ইরানের বিষয়ে পারস্পরিক উদ্বেগগুলোকে একটি সমন্বিত আঞ্চলিক কৌশলে রূপান্তর করতে ব্যর্থ হওয়ায় তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমালোচনাও করেন।

দেশটির পূর্ব উপকূলে বন্দর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পাইপলাইন, রেলপথ ও বিকল্প বাণিজ্যপথ সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছেন আনোয়ার গারগাশ।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্বালানি সরবরাহ ও রপ্তানির ক্ষেত্রে ঝুঁকি কমাতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

গারগাশ বলেন, ইরানের সঙ্গে কার্যকর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হলেও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আস্থা পুনর্গঠনে অনেক বেশি সময় লাগতে পারে। তাঁর মতে, সাম্প্রতিক মাসগুলোতে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার কারণে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কয়েক দশকও লেগে যেতে পারে।

তিনি বলেন, ইরানের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এবং তা করতেই হবে। তবে প্রতিবেশীদের মধ্যে হারানো আস্থা ফিরিয়ে আনা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

ইউএই গত আগস্টে ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন স্থগিত করেছে বলে জানান গারগাশ। উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলার প্রেক্ষাপটে ওই দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়া ও সমালোচনা করেছেন গারগাশ।

গারগাশের মতে, ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরও সমন্বিত ও দীর্ঘমেয়াদি কৌশল প্রয়োজন।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন