সতর্কতার পর হরমুজে পথ বদলাল ৪ জাহাজ, দাবি ইরানের
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
হরমুজ প্রণালির দক্ষিণ রুট অতিক্রম করার সময় অন্তত তিনটি তেলের ট্যাংকার ও একটি এলএনজিবাহী জাহাজ রেভল্যুশনারি গার্ডের সতর্কতার পর নিজেদের পথ পরিবর্তন করেছে।
অন্যদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে রবিবার পর্যন্ত মার্কিন বাহিনী ৯২টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে, তিনটি জাহাজ অকার্যকর করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
পারস্য উপসাগরে তেল ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা তীব্র আকার ধারণ করেছে।
শনিবার তিনটি ইরানি ট্যাংকারে হামলার ঘোষণা দেয় সেন্টকম। তাদের তথ্য অনুযায়ী, এর মধ্যে একটি কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়।
একটি বিমানবাহী রণতরী ও মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাবে সেন্টকম এই ইরানি ট্যাংকারগুলোতে হামলা চালায়। ইরানের ওই হামলা সফল হয়নি বলে দাবি করেছে সেন্টকম।