EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের রুদ্ধদ্বার বৈঠক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের রুদ্ধদ্বার বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকটি তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে।

বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকটিকে গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা বলে বর্ণনা করেছেন।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে ইউক্রেন সংকটের পাশাপাশি অর্থনৈতিক বিষয় এবং সম্ভাব্য রুশ-মার্কিন যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

উশাকভ বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতির বিষয়টিও আলোচনায় এসেছে। তবে সংঘাতের মূল কারণগুলো সমাধানে আরও আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

বৈঠকের আগে ক্রেমলিন প্রকাশিত এক ভিডিওতে পুতিনকে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানাতে দেখা যায়। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সহজ নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

পুতিনের সঙ্গে বৈঠকের পর রোববার মার্কিন প্রতিনিধি দলটির কিয়েভ যাওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন তারা। ইউক্রেনে এটিই উইটকফ ও কুশনারের প্রথম সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, উইটকফ ও কুশনার যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন। তবে প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এদিকে, মার্কিন প্রতিনিধি দলের মস্কো সফরকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের রাজধানীতে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। পুতিন কিয়েভে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে রুশ গণমাধ্যম জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের কিয়েভ সফরের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, উইটকফ ও কুশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত।

এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি। গত কয়েক মাসে দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করেছে।

মার্কিন প্রতিনিধিদের মস্কো সফরের কিছুদিন আগে সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফও বিরল এক সফরে মস্কো যান। তবে ওই সফরে কী আলোচনা হয়েছিল, সে বিষয়ে ওয়াশিংটন বা ক্রেমলিনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও সংঘাত এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন