EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪ জন, নিখোঁজ ৫ হাজার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪ জন, নিখোঁজ ৫ হাজার

ছবি: সংগৃহিত

অ অ

নেপাল-তীব্বত সীমান্তে গত সপ্তাহে ভয়াবহ ধস ও বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৪ জন। অন্তত ৫৮৯ জন বিদেশি নাগরিকসহ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ বন্যায় চীনের অংশেও অন্তত ২১ জন নিহত এবং তিব্বতে ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিনে নুয়াকোট জেলার বিদুর শহরে ধ্বংসস্তূপের নিচে চারতলা একটি ভবনের ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চান্দিকা শ্রেষ্ঠকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ১০ দিন ধরে আটকা ছিলেন।

এছাড়া এ ভয়াবহ ধসের ১০ দিন পর ত্রিশূলী নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্পের এক টানেল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।  এর আগের দিন ওই টানেল থেকেই দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ ৩৬০টি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এরপর নাওয়ালপরাসি পশ্চিমে ২৩০ এবং নাওয়ালপরাসি পূর্বে ২২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলো নুয়াকোট, রাসুওয়া, গোরখা, ধাদিং ও তানাহুন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১ হাজার ৩০টি মরদেহ অস্থায়ীভাবে দাফন করা হয়েছে। এ ছাড়া পরিচয় শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মাত্র ৯৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) তথ্যমতে, উদ্ধার হওয়া ১ হাজার ৩৪৪টি মরদেহের মধ্যে ৭৫৮ জন প্রাপ্তবয়স্ক, ৮৫ জন শিশু এবং ৫০১টি মরদেহের কিছু অংশ অনুপস্থিত। দীর্ঘ সময় পানিতে থাকা ও ধ্বংসস্তূপের চাপে মরদেহগুলোর এমন অবস্থা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৬ আগস্টের ভয়াবহ এই বন্যায় ভোতে কোশি নদীর স্রোতে উত্তর ও মধ্য নেপালের বিভিন্ন শহর ও গ্রাম প্লাবিত হয়ে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, যানবাহন, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প। এতে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন