সৌদিতে ৫ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেয়। সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে পারবে রিয়াদ।
বিবৃতিতে আরও বলা হয়, এ বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে। পাশাপাশি ‘মেজর নন-ন্যাটো মিত্র’ সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
এদিকে সৌদি আরবের কাছে প্রস্তাবিত এ অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে চূড়ান্তভাবে বিক্রি সম্পন্ন করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হবে।
সূত্র: এনডিটিভি