ভারতের রিজার্ভে রেকর্ড উত্থান, শক্তিশালী হচ্ছে রুপি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড আমানতের ওপর ভর করে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান হয়েছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ বেড়ে ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
রিজার্ভ বাড়ার প্রভাব পড়েছে দেশটির মুদ্রাবাজারেও। মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতীয় রুপি।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদ বেড়ে ৬০০ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে স্বর্ণের মজুত বেড়ে হয়েছে ১১৬ দশমিক ৪০৯ বিলিয়ন ডলার।
এর আগে গত জুনে ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ নেওয়ার সুবিধা চালু করা হয়। একই সঙ্গে ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধাও দেওয়া হয়।
এর ফলে ৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরবিআইয়ের কাছে মোট ১৩৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক তহবিল এসেছে। এর মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে অনাবাসী ভারতীয়দের আমানত থেকে।
প্রবাসী ভারতীয়দের এই বিপুল অর্থপ্রবাহ ভারতের বৈদেশিক মুদ্রার মজুতকে আরও শক্তিশালী করেছে। এর প্রভাব পড়েছে রুপির বিনিময় হারেও।
চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ০.৩ শতাংশ বেড়ে ৯৫.৩৭৭৫-এ উন্নীত হয়েছে।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি জানিয়েছে, স্পট বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি আরবিআইকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে রুপির দর স্থিতিশীল রাখতে এই বাড়তি রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের এই উত্থান শুধু দেশটির আর্থিক সক্ষমতাই বাড়াচ্ছে না, মুদ্রাবাজারে রুপির ওপরও আস্থা বাড়াচ্ছে।
