ইরানের সরকার পতনের ঘণ্টা বেজে গেছে? দাবি নেতানিয়াহুর
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামি প্রজাতন্ত্র পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর ভাষ্য, ইরানের বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল হয়ে পড়েছে এবং ক্ষমতা টিকিয়ে রাখতেই এখন লড়াই করছে।
যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা শুরুর পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নেতানিয়াহু।
তিনি বলেন, ইরানের সরকার এখন ‘টলমল অবস্থায়’ রয়েছে। দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা এবং ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করা এখন তাঁদের প্রধান লক্ষ্য। নেতানিয়াহুর দাবি, সেই লক্ষ্য অর্জন এখন আর অসম্ভব নয়; বরং অনেকটাই হাতের নাগালে চলে এসেছে।
দীর্ঘদিন ধরে ইরানকে ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে আখ্যা দিয়ে আসছেন নেতানিয়াহু। তাঁর এই সর্বশেষ মন্তব্যের মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে।