নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১১০০ ছাড়ালো
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র ৯৫টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বন্যার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনো ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ১ হাজার ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের ওয়েবসাইটে নিখোঁজ মানুষের সংখ্যা ৪ হাজার ৮৫৮ বলে উল্লেখ করা হয়েছে এবং তাদের খোঁজে অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।
কর্মকর্তারা বলছেন, নিখোঁজদের মধ্যে অনেকে বেঁচে থেকে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে বিদেশি উদ্ধারকারী দলগুলোও এই অভিযানে সহায়তা করছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ নেপালি ও বিদেশি নাগরিকদের ঘনিষ্ঠ রক্তসম্পর্কের স্বজনেরা ডিএনএ পরীক্ষার অনুরোধ করলে তাদের কাছ থেকে নতুন রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা যেতে পারে।