মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুজতাবা খামেনির
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম
মুসলিম বিশ্বের প্রতি প্রকৃত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তিনি বলেছেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের শক্তি দুর্বল করার চেষ্টা করছে শত্রুরা।
রোববার (৩০ আগস্ট) দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা উল্লেখ করে মুজতাবা খামেনি বলেন, বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে ইরানসহ অন্যান্য ইসলামী দেশের মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, এভাবে ইসলামী উম্মাহর বিভক্তি ও শক্তি দুর্বল হয়ে পড়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা। মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে খামেনি প্রশ্ন তোলেন, মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনি জনগণ কি এতটা অসহায় অবস্থায় থাকত? তারা কি দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো?
পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব দেশ ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ব্যক্তিরা কি তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেত?
মুজতাবা খামেনি বলেন, ‘আমেরিকার অপরাধী শাসক এবং ভুয়া জায়নিস্ট শাসন’ মুসলিমদের ঐক্য ও বন্ধুত্বের ঘোর বিরোধী।
তিনি আরও বলেন, তারা শুধু ইসলামী প্রজাতন্ত্র, ইরানি জাতি ও ইসলামী প্রতিরোধের বৃহৎ ফ্রন্টের শত্রু নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোসহ পুরো মুসলিম উম্মাহর প্রতিও তারা শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে।