EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ আড়াই হাজার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ আড়াই হাজার
অ অ

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে এসে বহু স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।


নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ‘টানেলে আটকে পড়াদের উদ্ধার, সেতু ধ্বংস হয়ে যাওয়া এলাকায় সড়ক ও যোগাযোগব্যবস্থা পুনরায় চালু করা, মরদেহ শনাক্তকরণ, ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের মতো ক্ষেত্রে নেপালের বিদেশি সহায়তা প্রয়োজন।’

শুক্রবার রাতে তিনি বলেন, ‘যেসব বিশেষায়িত সেবা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত দক্ষতা ও কারিগরি জ্ঞান নেই, সেসব বিষয়ে আমরা এরইমধ্যে সহায়তার অনুরোধ জানিয়েছি।’

দুর্যোগকবলিত এলাকায় দ্রুত যোগাযোগ ও যাতায়াতব্যবস্থা চালু করতে নেপাল তার দুই বড় প্রতিবেশী ভারত ও চীনের কাছে বেইলি সেতু চেয়েছে। বন্যায় দেশটির প্রায় দুই ডজন সেতু ধ্বংস হয়েছে।

আরও পড়ুন