EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের
অ অ

ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাত শুরু হলে তা আগের সংঘাতের তুলনায় ভিন্ন মাত্রা পাবে। একই সঙ্গে অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুতর সংঘাতের আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।

ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠাবে’ তেহরান। তাঁর অভিযোগ, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অবসানকে আরও ত্বরান্বিত করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করছে—নেতানিয়াহুর এমন বক্তব্যকেও মিথ্যা দাবি করেছেন রেজাই। তাঁর ভাষ্য, এ ধরনের তথ্য ছড়িয়ে নেতানিয়াহু ট্রাম্পকে আতঙ্কিত করেছেন এবং তাঁর সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছেন।

লেবাননের সঙ্গে ইসরায়েলের সংঘাতের প্রসঙ্গেও সতর্কবার্তা দেন রেজাই। তিনি বলেন, দাহিয়েহ ও বৈরুত ইরানের ‘রেড লাইন’। ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে তা আগের যুদ্ধগুলোর মতো হবে না। লেবাননে দখল করা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে বলেও দাবি করেন তিনি।

ইরানের এই জেনারেল আরও বলেন, নতুন করে সংঘাত শুরু হলে তেহরান এরই মধ্যে ‘নতুন পর্যায়ের’ জন্য প্রস্তুতি নিচ্ছে। তাঁর দাবি, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ যে কাঙ্ক্ষিত ফল আনতে পারছে না, তা প্রমাণিত হয়েছে। এর জবাব দেওয়ার প্রস্তুতিও ইরানের রয়েছে।

ইরানের তেল রপ্তানি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান রেজাই। তিনি বলেন, অবরোধ অব্যাহত রাখার অর্থ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুতর সংঘাতের দিকে এগিয়ে যাওয়া। যুদ্ধবিরতির সময়ে ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে বলেও দাবি করেন তিনি। অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি।

এর আগে ২৪ আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের ওপর সর্বশেষ নিষেধাজ্ঞার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে অভিনন্দন জানান। তিনি ইরানি শাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের প্রশংসা করেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে রেজাইয়ের এই বক্তব্য দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কাকে আরও উসকে দিয়েছে।

আরও পড়ুন