EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হড়কা বান ও ভূমিধসে নেপাল-তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

হড়কা বান ও ভূমিধসে নেপাল-তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষ
অ অ

হিমালয় পর্বতমালায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল ও চীনের তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকা। গতকাল বুধবার পাহাড়ি নদীর হড়কা বান ও ভূমিধসে বহু গ্রাম ও পাহাড়ি নগরী ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার রয়টার্স ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

দুর্যোগের পর নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক ও পুণ্যার্থী।

লাসা ও কাঠমান্ডুকে যুক্ত করা নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ রসুয়াগধি ও জিরোং কাউন্টি এলাকায় এ দুর্যোগ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাদা ও পাথরের বিশাল স্রোত নেমে এসে মুহূর্তের মধ্যে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

পাহাড় থেকে নেমে আসা কাদা ও পানির প্রবল স্রোতে বাড়িঘর, সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিদ্যুৎ প্রকল্পও।

নেপাল পুলিশ জানিয়েছে, দেশটির অংশে প্রায় ৬০০ বিদেশি নাগরিকসহ ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়, মার্কিন, অস্ট্রেলীয়, ব্রিটিশ ও কানাডীয় নাগরিক রয়েছেন।

অন্যদিকে, তিব্বতের জিরোং কাউন্টিতে ২৬০ জন বিদেশিসহ মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। তাঁদের অনেকেই কৈলাস-মানস সরোবর যাত্রায় আসা পুণ্যার্থী।

দুর্যোগের কারণ অনুসন্ধান করছেন বিজ্ঞানীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়েছিল। তবে এর পেছনে বড় ধরনের হিমবাহধসের ভূমিকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

হিমবাহের বিশাল অংশ ভেঙে পড়ায় বরফ, পাথর ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীতে নেমে আসে। এর ফলে প্রবল স্রোত তৈরি হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

তিব্বতের উজানে একটি কৃত্রিম হ্রদ আটকে থাকার খবরও পাওয়া গেছে। চীনা কর্তৃপক্ষ হ্রদটি শনাক্ত করেছে। এটি ভেঙে গেলে উদ্ধারকাজ আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

দুর্গম পার্বত্য এলাকায় এখন উদ্ধার অভিযান চলছে। সামরিক বাহিনী ও পুলিশের পাঁচ হাজারের বেশি সদস্য এতে অংশ নিচ্ছেন। হেলিকপ্টারে করে আটকে পড়া মানুষের কাছে তাবু, শুকনো খাবার ও জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ত্রাণ তৎপরতা চলছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন