EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে...

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করলো যুক্তরাষ্ট্র

মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির কারণে বিশ্বজুড়ে অভিবাসী ভিসার নির্ধারিত সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অ অ

বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করে অভিবাসী ভিসার সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হবে।

নতুন প্রশিক্ষণ কর্মসূচির সময়সীমা বা বিস্তারিত কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে সহায়তা করা হবে, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

পাশাপাশি সব ভিসা আবেদনকারীকে একই নিয়মে ও সামগ্রিকভাবে মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে।

ভিসা সাক্ষাৎকার স্থগিতের খবর প্রথম প্রকাশ করে ফিন্যানশিয়াল টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকারের তারিখ পাওয়া অনেক অভিবাসী ভিসা আবেদনকারী ই-মেইল পেয়েছেন। এতে জানানো হয়েছে, তাঁদের নির্ধারিত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হচ্ছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন কমাতে ইতোমধ্যে ব্যাপক বহিষ্কার অভিযান, ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং বিভিন্ন কারণে ভিসার আবেদন প্রত্যাখ্যানের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে এসব নীতি নিয়ে আইনি চ্যালেঞ্জও তৈরি হয়েছে।

গত শুক্রবার এক মার্কিন বিচারক ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের একটি নীতি বাতিল করে দেন। বিচারকের মতে, ওই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারের পরিপন্থী। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অতিরিক্ত নজরদারি ও বৈষম্যের আশঙ্কা তৈরি হয়েছে বলেও দাবি করেছে অধিকার সংগঠনগুলো।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কারণে বৈধ অভিবাসনের পথও কঠিন হয়ে পড়ছে বলে সমালোচনা রয়েছে।

নতুন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পর অভিবাসী ভিসার সাক্ষাৎকার কবে থেকে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স, ফিন্যানশিয়াল টাইমস

আরও পড়ুন