EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ২৩

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ২৩

ছবি: সংগৃহীত

অ অ

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় বহুতল আবাসিক ভবন ও গুদাম লক্ষ্যবস্তু করা হয়। ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের জানালার কাচ ভেঙে গেছে। আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।

তিনি আরও জানান, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় একটি শিল্প এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, বৃহত্তর কিয়েভ অঞ্চলের ব্রোভারিস্কি জেলায় হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

হামলার আগে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল। পরে আরও কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়।

রুশ হামলায় রাতভর হাজার হাজার বাড়ি ও স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কিয়েভ অঞ্চলের কিছু এলাকা অন্ধকারে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো দ্রুত মেরামতে কাজ করছেন বিদ্যুৎকর্মীরা।

সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে কিয়েভে প্রায় প্রতিরাতেই হামলা হচ্ছে। কোনো কোনো রাতে এসব হামলায় বহু মানুষ নিহত ও গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর ফলে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর শান্তি আলোচনায় বসার চাপ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি সপ্তাহে রাশিয়ায় পৃথক দুটি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন