EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধে যুক্তরাজ্যের হুঁশিয়ারি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধে যুক্তরাজ্যের হুঁশিয়ারি

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: সংগৃহীত

অ অ

ইসরায়েলের বিতর্কিত ই১ বসতি প্রকল্পের দরপত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক’ আখ্যা দিয়ে প্রকল্পটি অবিলম্বে বন্ধ এবং দরপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মিলিব্যান্ড জানিয়েছেন, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে সরাসরি বলেছেন, ইসরায়েলকে ই১ পরিকল্পনা বন্ধ করার পাশাপাশি সব ধরনের বসতি সম্প্রসারণও থামাতে হবে।

এদিকে এ বিষয়ে যুক্তরাজ্যের গভীর আপত্তির কথা জানাতে ইসরায়েলের চার্জ দ’অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ই১ প্রকল্পের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ই১ প্রকল্পটি জেরুজালেমের সঙ্গে ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমকে যুক্ত করার পরিকল্পনার অংশ। সমালোচকদের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে যেতে পারে। এতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে গুরুত্বপূর্ণ ভৌগোলিক সংযোগও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

মিলিব্যান্ড বলেন, বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রভাব ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ভয়াবহ হয়ে উঠেছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য ‘হাত গুটিয়ে বসে থেকে দ্বি-রাষ্ট্র সমাধানের ধ্বংস মেনে নেবে না’। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা রক্ষায় আগামী সপ্তাহগুলোতে অবৈধ বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য বলেও জানান মিলিব্যান্ড।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন