EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হর্ন বাজিয়ে ঘুমন্ত ভল্লুক জাগিয়ে ৬ লাখ টাকা খোয়ালেন বোটচালক

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:২৪ এএম

হর্ন বাজিয়ে ঘুমন্ত ভল্লুক জাগিয়ে ৬ লাখ টাকা খোয়ালেন বোটচালক
অ অ

জাহাজের বিকট হর্ন বাজিয়ে শখের বশে একটি ঘুমন্ত মেরুভল্লুককে জাগিয়ে তুলেছিলেন এক ব্যক্তি। প্রাণীটিকে একটু নড়াচড়া করতে দেখার এই খেসারত হিসেবে তাকে গুনতে হলো চার লাখ টাকারও বেশি জরিমানা! বন্যপ্রাণীকে বিরক্ত করার দায়ে এমন কড়া আইনি শাস্তির মুখে পড়েছেন ওই বোট চালক।

চলতি মাসের শুরুতে নরওয়ের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ স্যালবার্ডের উপকূলে এই ঘটনা ঘটে। এলাকাটি উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত।

বিবিসি জানায়, একটি স্থানীয় ফিয়র্ড বা সমুদ্র-খাঁড়ির ভেতর দিয়ে যাওয়ার সময় জাহাজের যাত্রীরা তীরে একটি মেরুভল্লুককে বিশ্রাম নিতে দেখেন। ভল্লুকটিকে নড়াচড়া করতে দেখার কৌতূহল থেকে জাহাজে থাকা একজন ইচ্ছাকৃতভাবে বিকট শব্দে ফগহর্ন বাজিয়ে দেন। এতে প্রচণ্ড চমকে গিয়ে ভল্লুকটি হঠাৎ জেগে ওঠে এবং দ্রুত সেখান থেকে সরে যায়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়।

স্যালবার্ডের গভর্নর লারস ফাউস তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেন। এক বিবৃতিতে তিনি জানান, জাহাজে থাকা এক ব্যক্তি হর্ন বাজিয়ে ঘুমন্ত প্রাণীটিকে জাগিয়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য করেন। অভিযুক্ত বোট চালক নিজের আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং ৫০ হাজার নরওয়েজীয় ক্রোনার (প্রায় ৫ হাজার ২৫৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৬ হাজার টাকা) জরিমানা দিতে রাজি হয়েছেন। তবে কর্মকর্তারা তার নাম ও জাতীয়তা প্রকাশ করেননি।

স্যালবার্ড পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, বিনা কারণে মেরুভল্লুককে বিরক্ত করা, তাড়া করা বা প্রলুব্ধ করা সম্পূর্ণ বেআইনি। ১৯৭২ সাল থেকেই সেখানে মেরুভল্লুক একটি সংরক্ষিত প্রাণী। কঠোর পরিবেশে বন্যপ্রাণীরা যেন মানসিক চাপে না পড়ে বা তাদের স্বাভাবিক আচরণ ব্যাহত না হয়, সে জন্য দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার কড়া নির্দেশ রয়েছে।

এর আগে ২০২৪ সালে এক পর্যটককে একটি ওয়ালরাসের (সিন্ধুগোতক) খুব কাছাকাছি যাওয়ার অপরাধে প্রায় সাড়ে ১১ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুন