লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিন শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারীও রয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ইরান এ ঘটনাকে ‘নিষ্ঠুর হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, নাবাতিয়ে জেলার আল-আনসার, আলি আল-তাহের মালভূমি, নাবাতিয়েহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এসব হামলা চালানো হয়। এতে আবাসিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানিয়েছে, আল-আনসারে তিন শিশুসহ সাতজন এবং দেইর এজ-জাহরানিতে চারজন নিহত হন।
ইসমাইল বাঘাই বলেন, এসব হামলা লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের প্রতিরোধের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর আগের হামলায় তাদের তিন সেনা আহত হওয়ার পর পাল্টা সামরিক অভিযান চালানো হয়েছে।
হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।
হামলার তীব্র সমালোচনা করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরবর্তী আলোচনা শুরুর আগেই ইসরায়েল আগ্রাসী মনোভাবের বার্তা দিচ্ছে।
এদিকে সীমান্ত এলাকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।