EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হুতিদের হামলায় ইয়েমেনে ৫৮ সেনা নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:৪৫ এএম

হুতিদের হামলায় ইয়েমেনে ৫৮ সেনা নিহত

ছবি: সংগৃহীত

অ অ

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত চার বছরের মধ্যে দেশটিতে এক দিনে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইয়েমেনের মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউতের আল-আব্র ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক কর্মকর্তারা জানান, মারিবের একটি সামরিক ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে অন্তত ৪৫ সেনা নিহত হন। অন্যান্য হামলাসহ মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮।

হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধি’র প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সরকারি বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আব্র এলাকায় হামলার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা মোকাবিলায় হুতি বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরও পড়ুন