ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৪১
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রবিবার (২ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, রবিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কী কারণে ফেরিটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মাদুরা দ্বীপটি জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত।
কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।