ইরানের ওপর হামলা আপাতত স্থগিত: ট্রাম্প
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার দাবি, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সমঝোতার অনুরোধ জানানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে আলোচনার সুযোগ তৈরি হওয়ায় সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত সমঝোতার আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটানো হবে।
ট্রাম্পের ভাষ্য, বিশ্ব শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের স্বার্থে তিনি সম্ভাব্য হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এ সিদ্ধান্ত দ্রুত একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ওপর নির্ভর করবে।
তিনি আরও দাবি করেন, এ উদ্যোগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত সমঝোতা সম্পন্ন করার আহ্বান জানান।