মোদির ফেসবুক পোস্টে সাময়িক বিধিনিষেধ, ব্যাখ্যা দিতে মেটাকে তলব ভারতের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্টে সাময়িক বিধিনিষেধ আরোপের ঘটনায় ব্যাখ্যা দিতে মেটার বৈশ্বিক প্রতিনিধিদের তলব করেছে ভারত সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমটির কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যালগরিদমের নিরপেক্ষতা এবং জনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে মেটার কর্মকর্তাদের কাছে বিশেষভাবে জানতে চাওয়া হবে—কোন পরিস্থিতিতে মোদির পোস্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, কনটেন্ট মডারেশন কীভাবে পরিচালিত হয় এবং অ্যালগরিদমে কোনো ধরনের পক্ষপাত রয়েছে কি না।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বাছাই ও নিয়ন্ত্রণে মেটার নীতিমালা, ভুয়া তথ্য প্রতিরোধে তাদের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পর্কেও সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে।
ভারতীয় কর্তৃপক্ষের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত অ্যালগরিদমের স্বচ্ছতা এবং কনটেন্ট মডারেশনের নিরপেক্ষতা নিশ্চিত করা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে মেটার অবস্থান স্পষ্ট করতে তাদের বৈশ্বিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে মোদির পোস্টে সাময়িক বিধিনিষেধ আরোপের কারণ কিংবা এ বিষয়ে মেটার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া