EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, অস্বীকার বেইজিংয়ের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম

ইরানকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, অস্বীকার বেইজিংয়ের

ছবি: রয়টার্স

অ অ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) কিনছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব অস্ত্রের প্রথম চালান ইরানের হাতে পৌঁছাতে পারে। তবে এ ধরনের অস্ত্র সরবরাহের খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে চীন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি QW-12 ও FN-16 মডেলের ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (MANPADS) কিনছে। এগুলো কাঁধে বহন করে নিক্ষেপ করা যায় এবং নিম্ন উচ্চতায় উড়তে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম।

প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারের ক্ষেত্রে এটি ইরানের সবচেয়ে বড় উদ্যোগ। সংঘাতের সময় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো রক্ষা করতে বেগ পেতে হয়েছে তেহরানকে।

রয়টার্স আরও জানিয়েছে, অস্ত্র সরবরাহের চুক্তিটি হংকংভিত্তিক ঝংশিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রতিষ্ঠানটি ইরান ও চীনা সরবরাহকারীদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, এ ধরনের প্রতিবেদন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। একইভাবে পাকিস্তানও তাদের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্সের সূত্রগুলোর দাবি, অস্ত্রের প্রথম চালান পশ্চিম চীনের উরুমচি থেকে পাঠানো হবে এবং তা পাকিস্তান হয়ে ইরানে পৌঁছাতে পারে। তবে পরিবহন পুরোপুরি আকাশপথে হবে, নাকি আংশিক স্থলপথ ব্যবহার করা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামরিক বিশ্লেষকদের মতে, সহজে বহন ও দ্রুত মোতায়েন করা যায় বলে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন