EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম

ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আবারও মার্কিন হামলা চালানো হয়েছে। টানা ১২তম রাতের এ হামলায় দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে উপসাগরীয় অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা দুর্বল করতে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর আগে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা ও হুমকি অব্যাহত রাখলে উপসাগরীয় অঞ্চলে তাদের পাল্টা অভিযানও চলবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার এক্সে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরও বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন।

গালিবাফ লেখেন, “যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।”

তিনি বলেন, আগের রাতের মার্কিন হামলায় ইরানের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সামরিক কাজে ব্যবহৃত না হলে বেসামরিক অবকাঠামোয় হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে চলমান সংঘাতে দুই পক্ষই বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানে নতুন করে মার্কিন হামলা চালানো হয়। এতে একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও আঘাত হানে ক্ষেপণাস্ত্র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আহভাজ ও রামশির শহরে বিস্ফোরণ হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের সিরিক শহরের জিয়ারাত গ্রামের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তানের বন্দর মাহশাহর এলাকার কাছেও বিস্ফোরণ হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, বুশেহর শহরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে পাশের একটি গ্রামে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

গত সপ্তাহ থেকে মার্কিন বাহিনী ধারাবাহিকভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে তেহরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ব্যবহৃত স্থাপনাগুলোই তাদের পাল্টা হামলার লক্ষ্য।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে শুরু হওয়া মার্কিন হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৫৯০ জন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান এ সপ্তাহে একাধিকবার বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত শুক্রবার জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। আর রোববার ইরাকের এরবিলে একটি ড্রোন নিষ্ক্রিয় করার সময় আরও এক মার্কিন সেনা নিহত হন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

আরও পড়ুন