প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান কর্মসূচি, মোদির পদত্যাগ দাবি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ এএম
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালার বিরোধীদলীয় নেতা ভি ডি সতীশনসহ দলের শীর্ষ নেতারা।
কংগ্রেস নেতারা অভিযোগ করেন, জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)–সংক্রান্ত অনিয়ম এবং সাম্প্রতিক সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। এ কারণে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেন। তবে আলোচনায় কোনো সমঝোতা হয়নি এবং অচলাবস্থা অব্যাহত থাকে।
এদিকে, কংগ্রেসের এ কর্মসূচিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বাসভবনসংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিরোধী দল তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।