EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮

ছবি: সংগৃহীত

অ অ

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় মস্কো ও তামবভ অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগে এবং আহত হয়েছেন প্রায় ৬০ জন।

শনিবার (১৮ জুলাই) ভোরে চালানো এই হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুদাম বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। রাতের শিফটে দায়িত্ব পালনরত আট শ্রমিক নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে ইউক্রেন মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করলেও এবার বড় শিল্প ও লজিস্টিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এটি প্রতিষ্ঠান ও দেশের জন্য অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

মস্কো অঞ্চলে হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, একটি ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টারে হামলায় সাতজন রাতের শিফটের কর্মী নিহত হয়েছেন।

এদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, একটি তেল ডিপো ও আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামেও হামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এলেকট্রোস্টাল এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তামবভের আগুনও পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলায় একটি খালি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই অঞ্চলের হামলায় আহত প্রায় ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, শনিবার রাতে রাজধানীমুখী ৩৭০টির বেশি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করা হয়। তিনি আরও জানান, ১১ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে মস্কোর দিকে আসা প্রায় ১ হাজার ৮৯২টি ড্রোন প্রতিহত করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আরও পড়ুন