বাণিজ্য বিরোধে ব্রাজিলের পণ্যে নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ এএম
ছবি: সংগৃহীত
ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বুধবার রাতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারার আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এক বিবৃতিতে জানায়, এক বছরব্যাপী তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য, শুল্কনীতি, মেধাস্বত্ব সুরক্ষা, ইথানল ব্যবহারের সুযোগ এবং বন উজাড়–সংক্রান্ত নীতিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, মার্কিন শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতেই ব্রাজিলের ‘অন্যায্য’ বাণিজ্যনীতির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, গত এক বছরে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও সমাধান আসেনি। তবে ভবিষ্যতেও আলোচনার পথ খোলা থাকবে।
এর আগে রয়টার্স জানায়, দীর্ঘদিনের আলোচনায় অগ্রগতি না হওয়ায় ব্রাজিলের কিছু পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা আগে থেকেই অনুমান করছিল দেশটি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, ব্রাজিল সরকার আলোচনায় আন্তরিক ছিল না। তার দাবি, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশের স্বার্থের চেয়ে নিজের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। প্রেসিডেন্ট লুলার কার্যালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে ২৫ শতাংশ শুল্ক আরোপকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য নেতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।