EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

অবকাঠামোতে আঘাত হলে পুরো অঞ্চল ধূলিসাতের হুমকি ইরানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

অবকাঠামোতে আঘাত হলে পুরো অঞ্চল ধূলিসাতের হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এবার এক নজিরবিহীন ও চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো বেসামরিক বা সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তবে পাল্টা আঘাত হিসেবে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলের বাকি সমস্ত পরিকাঠামো ধূলিসাৎ করে দেওয়া হবে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বৃহস্পতিবার এই হুমকি দিয়ে বলেন, যদি আমাদের অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করুন, তাহলে এই অঞ্চলে যা কিছু অবকাঠামো অবশিষ্ট থাকবে, আমরাও তা সম্পূর্ণ ধ্বংস করে দেব।

তিনি ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়ে আরও বলেন, তেহরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে—একটি বিদেশি ও আঞ্চলিক-বহির্ভূত দেশ হিসেবে—কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করতে দেবে না।

ইব্রাহিম যুলফাগারির ভাষায়, হরমুজ প্রণালী নিয়ে এই অনধিকার চর্চা রুখে দেওয়া ইরানের একটি অলঙ্ঘনীয় রেড লাইন।  আরও বড় ও মারাত্মক আঘাতের প্রস্তুতি। মুখপাত্র যুলফাগারি হুঁশিয়ারি দিয়ে জানান, আমেরিকার হামলার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপ কেবল সমান আঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হবে আরও বড় ও মারাত্মক এক আঘাত। 

তিনি যোগ করেন, সামনের দিনগুলোতে যেকোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ হবে পূর্বের চেয়েও অনেক বেশি গুরুতর, ব্যাপক এবং বিধ্বংসী। 

মূলত বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে উত্তেজনা আকাশচুম্বী আকার ধারণ করেছে। সংঘাতের অবসান ঘটিয়ে ওই অঞ্চলে একটি স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই শান্তি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে উভয় পক্ষই এখন একে অপরের ওপর অবিরাম ও তীব্র পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছে। আনাদুলু

আরও পড়ুন