ইরানের চাবাহার সামুদ্রিক বন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
দক্ষিণ-পূর্ব ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের সামুদ্রিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রটি রাতভর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সিস্তান ও বেলুচেস্তানের বন্দর ও সামুদ্রিক বিষয়ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
চাবাহার বন্দরের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন হামলায় আক্রান্ত এই সামুদ্রিক পর্যবেক্ষণ কেন্দ্রটি মূলত একটি বেসামরিক স্থাপনা। এটি সমুদ্রে জেলেদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং সামুদ্রিক বাণিজ্য সুরক্ষিত করার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইরানের ফার্স নিউজ এজেন্সি এক প্রাদেশিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে একটি গম সংরক্ষণের সাইলো এবং অন্য একটি স্থাপনায় রাতভর মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
মঙ্গলবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দিনগুলোতে ইরানের ওপর মার্কিন হামলা অব্যাহত থাকবে এবং এর তীব্রতা আরও বাড়ানো হবে। তিনি তেহরানকে সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে না আসে, তবে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংঘাত নিরসন ও একটি স্থায়ী শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই শান্তি চুক্তি থাকা সত্ত্বেও উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যেই ওয়াশিংটনের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের তীব্র অভিযোগ এনে জাতিসংঘে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তেহরান।