EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ভারতীয় নাবিক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ভারতীয় নাবিক

ছবি: সংগৃহীত

অ অ

ওমানের আঞ্চলিক জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইউএইর দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ হামলা হয়েছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘আল-বাহিয়া’ ও ‘মোম্বাসা’ নামের দুটি তেলবাহী ট্যাংকার ওমানের জলসীমায় অবস্থানকালে হামলার শিকার হয়। নিহত ভারতীয় নাবিক ‘মোম্বাসা’ ট্যাংকারে কর্মরত ছিলেন।

হামলায় আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্ষেপণাস্ত্র হামলার পর দুটি জাহাজেই আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর বর্তমান অবস্থা বা সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত ভারতীয় নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি ভারতের প্রতি সংহতি জানিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং হরমুজ প্রণালিকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক অবস্থান ব্যক্ত করেছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও বড় হুমকি তৈরি করে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন